কাতারে অনুষ্ঠেয় আফগান শান্তি আলোচনায় নারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তালেবান। প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল শসস্ত্র বিদ্রোহী সংগঠনটি। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
সোমবার (১৫ এপ্রিল) সংগঠনটির প্রধান মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। -খবর রয়টার্সের
আফগানিস্তানের বিরোধীদলীয় নেতা, সুশীলসমাজের প্রতিনিধিসহ স্বনামধন্য আফগানদের সঙ্গে আগামী ১৯ থেকে ২১ এপ্রিল বৈঠকে বসবে তালেবান। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার রাজধানী মস্কোতে তালেবান ও রাশিয়ার মধ্যে একই ধরনের আলোচনা হয়েছিল। মস্কোয় আলোচনায় থাকা অতালেবান প্রতিনিধিরা আগামী সপ্তাহের ওই বৈঠকে কিছু সরকারি কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করাতে চাচ্ছেন।
কিন্তু কাবুলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে তালেবান অস্বীকার করলে নিজেদের ব্যক্তিগত সক্ষমতায় এসব সরকারি প্রতিনিধি সেখানে হাজির থাকবেন।
এবারের আলোচনায় তালেবানদের নারী প্রতিনিধি থাকবেন বলে জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। কিন্তু নারী সদস্যদের নাম বলতে অস্বীকার করেছেন তিনি।
তালেবান নারী প্রতিনিধিদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। তারা সাধারণ আফগান নাগরিক। দেশের ভেতর ও বাইরে থেকে তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জাবিহুল্লাহ।





