পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এম.পির সাথে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ (Luis Tejada Chacon) বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত সাকোঁ বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। উভয়েই দু-দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত মাসে স্পেনের সেক্রেটারি অব স্টেট ফর ফরেন এ্যাফেয়ার্স ইগনাসিও ইবেনেজ রুবিও’র ঢাকায় সফরের সময় তার সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের কথা স্মরণ করে শাহরিয়ার আলম বলেন, তার সে সফর দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত এবং জোরদার করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাদির কথা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীগণ এখানে আরও অধিক বিনিয়োগে উৎসাহিত হবেন বলে বৈঠকে আশা প্রকাশ করেন।
সাড়ে তিন বছরেরও অধিককাল বাংলাদেশে দায়িত্ব পালনকালে সকল প্রকার সহযোগিতার জন্য স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এদেশে তার কর্মকাল অত্যন্ত আনন্দময় ও ফলপ্রসু ছিল বলে অভিমত ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের বিদায়ী রাষ্ট্রদূতের পেশাগত ও ব্যক্তিগত জীবনে সুখ ও সাফল্য কামনা করেন।
কেএইচ





