ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব থেকে যেসব কোম্পানি মুনাফা লুটছে তাদের থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং অধিকৃত ফিলিস্তিনি এলাকায় তৈরি ইসরাইলি পণ্য বয়কট করার জন্য একটি প্রস্তাব বিপুল ভোটে পাস করেছে যুক্তরাষ্ট্রের মূলধারার প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটি সংগঠন।
দা ইউনাইটেড চার্জ অব খ্রিস্ট নামের সংগঠনটির এই সিদ্ধান্ত ইহুদিবাদী দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান সমর্থনের বহিঃপ্রকাশ।
মঙ্গলবার ক্লিভল্যান্ডের ওহাইওতো অনুষ্ঠিত চার্চের ৩০তম সাধারণ সভায় (সিনড) প্রস্তাবটি পাস হয়। এটি পাসের জন্য ৬৭ শতাংশ ভোটের প্রয়োজন ছিল।
প্রস্তাবটি পাসের ফলে ভিওলিয়া, ক্যাটারপিলার, মটরোলা ও এইচপির মত শীর্ষস্থানীয় কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করবে এই সংগঠনের গির্জাগুলো। তবে যেসব গির্জা এই সংগঠনের সদস্য নয় তাদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
প্রস্তাবটির পক্ষে প্রায় ৮০ ভাগ (৫০৮ ভোট) পড়ে। বিপক্ষে ভোট পড়ে ১২৪টি এবং ৩৮ জন ভোটদানে বিরত ছিলেন।
তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি কার্যক্রম বর্ণবাদী বলে আনা একটি প্রস্তাব দুই তৃতীয়াংশ সমর্থন পেতে ব্যর্থ হয়।
সংগঠনের দ্বিবার্ষিক এই সম্মেলনে ধর্মবিশ্বাস ও ন্যায়বিচার বিষয়ে আলোচনা হয়। এর সদস্য সংখ্যা ১০ লাখ।
ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ২০০৫ সাল থেকেই প্রস্তাবটি পাসের চেষ্টা চলছিল।
ইভানজেলিক্যাল লুথেরান চার্চের যাজক মিত্রি রাহেব বলেন, এই প্রস্তাবের মূল্য অনেক।
'দখলদারিত্বে নীচে বসবাসরত ফিলিস্তিনিদের অথবা যারা ইসরাইলি নাগরিক হিসেবে পদ্ধতিগত বৈষম্যের শিকার হচ্ছেন … এই পদক্ষেপ তাদের কাছে এই বার্তা দিচ্ছে যে তারা নিঃসঙ্গ নন। এমন গির্জাও রয়েছে যারা এখনো শক্তিধরদের সামনে সত্য বলার হিম্মম রাখে এবং নিপীড়িতদের পাশে দাঁড়ায়,’ বলছিলেন রাহেব।
প্রস্তাবে বলা হয়, সংগঠনের পেনশন বোর্ড এবং বিনিয়োগ তহবিল, যার আকার প্রায় ৪০০ কোটি ডলার, ইসরাইলি দখলদারিত্ব থেকে যেসব কোম্পানি মুনাফা লুটছে তাদের শেয়ার বিক্রি করে দেবে।
প্রস্তাবটি এমন সময় পাস হলো যখন ইসরাইলের বিরুদ্ধে ‘বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন্স’ (বর্জন, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা) বা বিডিএস আন্দোলনটি ইউরোপ ও আমেরিকার অনেক কলেজে সফলতা লাভ করেছে।
এক দশক আগে জন্ম নেয়া বিডিএস আন্দোলনের দাবি পশ্চিম তীর ও গাজা থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের সমান নাগরিক সুবিধা প্রদান।
তবে ইহুদিবাদী দেশটি এ আন্দোলনের সমালোচনা করে আসছে। সূত্র: আলজাজিরা
এআর





