ভারত কখনো কাউকে আক্রমণ করে না। কিন্তু হামলা হলে প্রতিশোধ নিতে বুলেটের কোনো হিসেব করবে না ভারত এমন মন্তব্য করেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্থান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। তিনি বিএসএফের মুনাবা আউটপোস্টেও যান।

সেখানে তিনি বিএসএফ সদস্যদের আশ্বস্ত করে বলেন, সীমান্তে হামলার পাল্টা জবাব দিতে ভারত ‌যে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেবে।

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হন। এর জবাবে গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালায় ভারত।

এতে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী মারা গেছে বলে দাবি করা হয়। এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিএসএফ সদস্যদের উদ্দেশে রাজনাথ বলেন, আমাদের ঐতিহ্য হলো, গোটা পৃথিবীটা আমাদের আত্মীয়। আমরা কাউকে আক্রমণ করি না। কারো দেশ দখল করি না।

কিন্তু আমাদের ওপরে ‌যদি হামলা হয় তা হলে ভারতে পাল্টা হামলা চালানোর সময়ে বুলেটের কোনো হিসেব করবে না।

সীমান্তরক্ষীদের আশ্বস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফকে আধুনিক সব ধরনের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। সীমান্তের বিভিন্ন জায়গায় ‌যেখানে কাঁটাতারের বেড়া নষ্ট হয়ে গেছে তা মেরামত করে ফেলা হবে।

বসানো হবে ফ্ল্যাডলাইট। তৈরি করা হবে রাস্তা। এইসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের উন্নতি করা হবে।

উল্লেখ্য, শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বলেছিলেন, অনুপ্রবেশ রুখতে ২০১৮ সালের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেওয়া হবে।(সূত্র-এনডিটিভি)

এমবি