গত ২০ বছরের মধ্যে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে কম। ভোট গণনার পর দেখা যায়, দেশটির পৌনে ২৩ কোটি ভোটারের মধ্যে মাত্র ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সংখ্যা মোট ভোটারের মাত্র ৫৫ শতাংশ।
শনিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এত কম ভোটারের উপস্থিতি আর দেখেনি মার্কিনিরা। এর আগে ১৯৯৬ সালে ৫৩ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।
২০০৮ সালে সর্বাধিক ১৮ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। অর্থাৎ সেবার মোট ভোটারের ৬৪ শতাংশ ভোট দিয়েছিলেন। যদিও কিছু কিছু জরিপে বলা হয়েছিল, ট্রাম্প যেসব এলাকায় বিজয়ী হবেন সেসব এলাকায় ২০১২ সালের থেকে বেশি ভোট গণনা করা হবে। কিন্তু সর্বশেষ ফলাফলে দেখা যায় সেখানেও ভোটারের সংখ্যা ছিল তুলনামূলক কম।
ফ্লোরিডায় ২০১২ সালে ৯৪ লাখ ভোট গণনা করা হলেও, এবারের নির্বাচনে ভোটের সংখ্যা ছিল ৮৫ লাখ। মিশিগানেও কমেছে ভোটার সংখ্যা। ২০১২ সালে ছিল ৪৮ লাখ, যা এবছর কমে হয়েছে ৪৭ লাখ দাঁড়িয়েছে। নর্থ ক্যারোলিনায় ২০১২ সালে ৪৭ লাখের বিপরীতে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয় মাত্র ১ লাখ ৩৮ হাজার ভোটার।
অবশিষ্ট রাজ্যগুলোর ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল হাতে পেলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এ পরিসংখ্যানে যারা ভোটার নন, কিংবা ভোটার হিসেবে নিবন্ধন করেননি তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
কম ভোটার উপস্থিতির কারণ কী তা স্পষ্ট নয়। তবে নির্বাচনের আগের বিভিন্ন জরিপের তথ্যে বলা হয়, এবার মার্কিন ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় দু’জন প্রার্থীর মধ্যে লড়াই হবে।
জেড





