গত সপ্তাহের প্রলয়ংকরী ভূমিকম্পের পর নেপালের জনপ্রিয় লাংটাং পর্বতারোহন এলাকা থেকে ৬ বিদেশীসহ ৫০ জনের বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একজন সিনিয়র স্থানীয় কর্মকর্তা রোববার এ কথা জানান।

গত ২৫ এপ্রিল সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের পর লাংটাং অঞ্চলে এখনো আরো একশ’ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

রাসুলা জেলার প্রধান কর্মকর্তা উদ্দভ প্রসাদ ভট্টরাই বলেন, এসব মৃতদেহ গত কয়েক দিনে বিভিন্ন স্থানে পাওয়া গেছে। কিছু মৃতদেহ ধ্বংসস্তূপে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে।

ভট্টরাই বলেন, ‘আমরা এ পর্যন্ত লাংটাং এলাকা থেকে ৫১টি মৃতদেহ খুঁজে বের করেছি। এর মধ্যে ছয়টি পর্যটকের। আমাদের অনুমান এ এলাকায় এখনো আরো শ’খানেক পর্যটক নিখোঁজ রয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার ছিলো জীবিতদের উদ্ধার করা। আমরা সাড়ে তিনশ’র বেশি লোককে উদ্ধার করেছি। এদের অর্ধেকই পর্যটক বা তাদের গাইড।’

তিনি এএফপিকে বলেন,‘আমাদের বিশ্বাস, আমরা এখন অধিকাংশ জীবিতদের উদ্ধার করতে পেরেছি। এখন আমরা মৃতদেহ উদ্ধারে মনোযোগী হবো।’

পর্যটন বিভাগের প্রধান তুলসী গৌতম রোববার বলেন, এ পর্যন্ত সারাদেশে ৫৪ জন বিদেশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইউরোপীয় কূটনীতিকরা শুক্রবার বলেছেন, সেখানে এখনো হাজারখানেক ইউরোপীয়ের খোঁজ পাওয়া যায়নি। এরা নিরাপদে আছেন বলে মনে করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

জেডআই