রোহিঙ্গা হত্যা নিয়ে রিপোর্ট করায় বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী। সেই সঙ্গে স্থানীয় এক আইনপ্রণেতার নামেও মামলা দিয়েছে।
রাখাইন রাজ্যে সেনা হামলায় দুই রোহিঙ্গা মুসলিম নারী নিহত হওয়া নিয়ে খবর প্রকাশ করায় সেনাবাহিনীর মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত সপ্তাহে এ সম্পর্কিত সংবাদ প্রকাশ হওয়ার পরই এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল সেনাবাহিনী। মিয়ানমার পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
ওই খবর প্রকাশের পর সেনাবাহিনী বলেছে, তাদের গোলায় ওই দুই নারী নিহত হয়নি কিংবা অন্যান্য মানুষ আহত হয়নি। তারা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে (এএ) দোষারোপ করেছে।
তবে আরাকান আর্মি ঘটনার দায় অস্বীকার করেছে এবং সেনাবাহিনীকেই পাল্টা দোষারোপ করেছে। এ গোষ্ঠীটি রাখাইনে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়ছে। ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছে।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট কিয়াও থু বলেছেন, রাখাইনে বুথিডাং শহরের স্টেশন হেড রয়টার্সকে বলেছেন, বার্তা সংস্থাটিসহ আইনপ্রণেতার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ৬৬ডি ধারায় মামলা করা হচ্ছে।
এমআর





