ভারতের সদ্য সমাপ্ত ১৬তম জাতীয় অর্থ্যাৎ লোকসভা নির্বাচনে নির্বাচিত সদস্যদের ৭৫ শতাংশই গ্র্যাজুয়েট। এদের মধ্যে ৬ শতাংশ সদস্যের রয়েছে পিএইচডি ডিগ্রি। ১০ শতাংশ সদস্য ম্যাট্রিক পাস করার পর আর পড়াশোনা করেননি। রোববার এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস। তবে, গত লোকসভার সদস্যদের চেয়ে এবার গ্র্যাজুয়েটের সংখ্যা কম। গত অর্থ্যাৎ ১৫তম লোকসভার ৭৯ শতাংশ সদস্য ছিলেন গ্র্যাজুয়েট। তবে, পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা এবার বেড়েছে। গত লোকসভায় মাত্র ৩ শতাংশ সদস্য ছিলেন পিএইচডি ডিগ্রিধারী।   এবার, ম্যাট্রিক পাস করা সদস্যের সংখ্যা কমেছে। গত লোকসভায় যেখানে ১৭ শতাংশ ছিলেন ম্যাট্রিক পাস, এবার তা কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। তবে, এবার যেমন পিএইচডি ধারীর সংখ্যা বেড়েছে, তেমনি বেড়েছে নন-ম্যাট্রিকের সংখ্যাও। গত লোকসভায় যেখানে মাত্র ৩ শতাংশ সদস্য ছিলেন নন-ম্যাট্রিক, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশ। এবারের ১৬তম লোকসভার ২৭ শতাংশ সদস্য তাদের পেশা হিসেবে লিখেছেন কৃষিকাজকে, ২৪ শতাংশ রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডকে এবং ব্যবসায়ী রয়েছেন ২০ শতাংশ। গত লোকসভা অর্থ্যাৎ ১৫তম লোকসভায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডকে পেশা হিসেবে দেখিয়েছিলেন ২৮ শতাংশ, কৃষিকে ২৭ শতাংশ এবং ব্যবসায়ী ছিলেন ১৫ শতাংশ। ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনে ৩৬ শতাংশ সদস্য ছিলেন আইনজীবী, কৃষি পেশা হিসেবে ছিল ২২ শতাংশের, আর ব্যবসায়ী ছিলেন ১২ শতাংশ। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ১৬তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি এককভাবে ২৮৩টি আসনে জয়লাভ করেছে। এর ফলে, জোট ছাড়াই দলটি এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পেল। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। সূত্র: হিন্দুস্থান টাইমস [b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]