ইরাকের সেনাবাহিনী বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বর্তমানে দেশটির মাত্র সাত শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। অথচ তিন বছর আগে তাদের নিয়ন্ত্রণে ছিল ইরাকের ৪০ শতাংশেরও বেশি এলাকা।

ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসূল বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০১৪ সালে দায়েশ ইরাকের শতকরা ৪০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করত। অথচ ২০১৭ সালের মার্চে এসে তাদের নিয়ন্ত্রণে রযেছে শতকরা মাত্র ৬.৮ ভাগ এলাকা। দায়েশ ২০১৪ সালের জুন মাস থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করেছিল।

বর্তমানে ইরাকি সেনাবাহিনী ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো জঙ্গিদের কবল থেকে গোটা দেশ মুক্ত করার অভিযান চালাচ্ছে। গত দুই বছর ধরে ইরাকে দায়েশের প্রভাব এবং তাদের নিয়ন্ত্রিত এলাকার পরিধি কমছে। গত কয়েক মাস ধরে ইরাকে দায়েশের প্রধান কেন্দ্র মসুল শহরে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে পর্যদুস্ত হয়ে পড়েছে এই জঙ্গি গোষ্ঠী। পরাজয়ের মুখে তারা ইরাকের অন্যান্য স্থানে বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকের রক্ত ঝরাচ্ছে।

গত বছরের অক্টোবরে মসুল পুনরুদ্ধার অভিযান শুরু হয়। এরইমধ্যে ইরাকি সেনাবাহিনী নগরীর পূর্ব অংশ পুরোপুরি দখলমুক্ত করেছে এবং বর্তমানে পশ্চিম মসুল পুনরুদ্ধারের অভিযান চলছে। ইরাকে দায়েশের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি মসুলের পতন হলে এই জঙ্গি গোষ্ঠীর কথিত খেলাফতের অবসান ঘটবে।
জেড