নিউইয়র্কে এবার হেইট ক্রাইমের শিকার হলেন আরেক বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরী। এর আগেও দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন বেশ কয়েকজন বাংলাদেশী। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনার পুনঃরাবৃত্তি; বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না কমিউনিটি নেতারা। আসন্ন রমজান ঘিরে প্রকাশ্য একজন বাংলাদেশীর ওপর হামলা’সহ তার গাড়ি ভাঙচুরের ঘটনা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তারা। এদিকে ঘটনার সময় হামলকারীরা সুপনকে বেধড়ক মারধোরের পাশাপাশি ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে চিৎকার চেচামেচি করে। এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন ঘটনার শিকার সুপন।
জানা গেছে, ব্রঙ্কসের জেরুম এভিনিউ সংলগ্ন ১২১৫ এন্ডারসন এভিনিউতে গত ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানো অবস্থায় উবার চালক সুপন চৌধুরীর ওপর অতর্কিত এ হামলা চালায় বেশ কয়েকজন বখাটে। এসময় গাড়িতে একজন নারী যাত্রী ছিলেন। ঘটনার সময় রেড লাইটের স্টপ সাইনে অপেক্ষমান থাকা অবস্থায় বেশ কয়েকজন তরুণ এসে তাকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলে। গো ব্যাক টু ইউর কান্ট্রি বলে গাড়িতে ভাঙচুর চালায়।
একপর্যায়ে গাড়ি থেকে নামিয়ে উপর্যপূরি আঘাত করতে থাকে বলে জানান আহত সুপন। পরে ৯১১ এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে হামলাকারিরা পালিয়ে যায়। আহত বাংলাদেশি ক্যাবি সুপন চৌধুরীকে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইনে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় বেধড়ক লাঠি পেটা ও কিল ঘুষি দিয়ে আহত করা হয় সুপনকে।
একই সাথে তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনার পর পুলিশ এলেও, পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানে ছুটে যান কমিউনিটির নেতারা। এদের মধ্যে ছিলেন এডভোকেট এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন প্রমুখ।
হাসপাতাল থেকে ফিরে ২০ মে শনিবার মূলধারার গণমাধ্যম’সহ কমিউনিটি নেতাদের সাথে ঘটনার বিবরণ দেন বাংলাদেশি ক্যাবী। এধরণের অতর্কিত হামলায় উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ব্রঙ্কস কমিউনিটি।
গাড়ির অভ্যন্তরে থাকার পরও, গ্রুপ বেঁধে নিজের ওপর অতর্কিত হামলায় ভয়-উৎকণ্ঠা জানান, হেইট ক্রাইম’র শিকার সুপন চৌধুরী।
এর আগেও নিউইয়র্কে একাধিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশীরা। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গেল বছর রমজানের তারাবিহ নামাজ পড়ে গিয়ে পার্কচেস্টার মসজিদের সামনেই তিন যুবকের হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশি আতিক আশরাফ আর ব্রঙ্কসের স্টারলিংয়ে প্রকাশ্য ঘটনার শিকার হন সোহেল চৌধুরী।
একাধিক ঘটনার পর এবার বাংলাদেশি সুপনের ওপর বখাটেদের হামলায় আক্ষেপ প্রকাশ করেছেন, মজিবুর রহমান। বয়োবৃদ্ধ এই ব্যক্তিও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন।
মাইনরটি অভিবাসীদের উপর সম্ভাব্য হামলা বন্ধ’সহ আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশি এলাকা ঘিরে পুলিশের নিরাপত্তা আরো বৃদ্ধির দাবি উঠে কমিউনিটির পক্ষে।





