নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের কানু প্রদেশে রাস্তায় ভিক্ষা করা নিষেধ। এ জন্য প্রদেশটির কর্তৃপক্ষ আলাদা আইন করেছে। আর এই আইন বাস্তবায়নের জন্য সম্প্রতি ১০০ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বিশেষ কমিটির সদস্যরা চাইলেই রাস্তার ভিক্ষুকদের গ্রেফতার করতে পারবেন।
কিছু মানুষ রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছেন- এমন চিত্র নাইজেরিয়ার দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক শহর কানু'তে নিয়মিত দেখা যায়।
প্রদেশটির হিসবাহ বোর্ডের ডিরেক্টর জেনারেল ড. আবা সুফি সাংবাদিকদের বলেছেন, "রাজ্য সরাকার ১০০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কোন ভিক্ষুক আইন ভঙ্গ করলে এই কমিটি ঐ ভিক্ষুককে গ্রেফতার করতে পারবে।"
তিনি আরো বলেন,"চলতি মাসে গভর্নর রাবি ইউ কেওয়াংকেওয়াসু শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য একটি কর্মসূচি চালু করবেন। এই কর্মসূচি চালুর পরই যত দ্রুত সম্ভব আইনটি (ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ)কার্যকর করা হবে"।
রাজ্য সরকার ৪৪ টি এলাকার শারিরীকভাবে অক্ষম ভিক্ষুকদের সাবলম্বী করার জন্য কর্মসূচি হাতে নিয়েছে। এ সম্পর্কে ড. আবা সুফি বলেন "সরকার তাদেরকে(ভিক্ষুক)বিভিন্ন ব্যবসার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পর মূলধন দিয়ে সহায়তা করে নিজ নিজ ব্যবসায় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছে।"
ঢাকা,৮ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই