সংগঠনটির নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার ইসরায়েল যে অপরাধ করেছে তার সহযোগী ছিলেন ব্লিঙ্কেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, “ব্লিঙ্কেনের বিবৃতি বিভ্রান্তিকর। আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের জনগণের বিরুদ্ধ হওয়া অপরাধের সহযোগী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার সহযোগী তিনি।
এর আগে গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন দাবি করেন, হামাসের জন্য গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। এছাড়া হামাসের বিরুদ্ধে বিশ্বনেতারা ঐক্যবদ্ধ হচ্ছে না বলে দাবি করেন তিনি। ব্লিঙ্কেন বলেন, “আমরা দেখছি হামাস চুক্তি করছে না। যেটি হওয়া উচিত ছিল। কেন বিশ্বনেতারা হামাসকে অস্ত্র ফেলে দেয়ার জন্য, জিম্মিদের ছেড়ে দেয়ার জন্য এবং আত্মসমর্পণের জন্য চাপ দিতে ঐক্যবদ্ধ হচ্ছে না। আমি জানি না এর উত্তর কী। ইসরায়েল একাধিকবার হামাস নেতা ও যোদ্ধাদের নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিয়েছে। বিশ্ব কোথায়? ওই বিশ্ব কোথায় যেটি বলছে, হ্যাঁ এটি করুন। (যুদ্ধ) বন্ধ করুন। মানুষের ভোগান্তি বন্ধ করুন যেটি আপনারা তৈরি করেছেন।
এদিন ওসামা হামদান বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পেরেছেন শুধুমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগের মাধ্যমেই ফিলিস্তিনিদের স্বাধীনতা এনে দেয়া সম্ভব। তিনি আরও বলেন, ইসরায়েলের শর্ত ছাড়া গাজার পুনর্গঠনের কাজ হতে হবে। আমি আশা খুব দ্রুত আমরা তা অর্জন করতে পারব।
গাজাকে শাসন করার জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বানও জানান হামদান। যেখানে দুর্নীতিবাজরা গাজার মানুষের ওপর নিপীড়ন চালাতে পারবে না। এছাড়া সিরিয়ার নতুন সরকারও তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। ব্লিঙ্কেনের পাশাপাশি ইহুদিবাদী যুদ্ধাপরাধী ইসরায়েলি সেনাদেরও আইনের মুখোমুখি করার অঙ্গীকার করেন তিনি।
সূত্র : টাইমস অব ইসরায়েল
এসএম





