পশ্চিম জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে (সিনাগগ) দুই ব্যক্তি হামলা চালিয়েছেন। হামলায় চার ইসরাইলি নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহত হয়েছেন দুই আক্রমণকারীও। পিস্তল, ছুরি ও কুড়াল নিয়ে তারা সিনাগগে হামলা চালান বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করেছে 'পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন'র সামরিক শাখা। খবর বিবিসি'র।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, আক্রমণকারীরা পূর্ব জেরুজালেম থেকে আগত ফিলিস্তিনি। পূর্ব জেরুজালেমে আল আকসা নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় ইহুদিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় ইসরাইল। আর এটা নিয়েই বিরোধ।
জেরুজালেমে এটি গত ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক হামলা বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই আক্রমণের জবাব শক্ত হাতে দেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এমএ





