নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্যারাক ও পুলিশ স্টেশনে একটি সশস্ত্র গ্রুপের হামলায় অন্তত ৫৩ হামলাকারী এবং ছয় সৈন্য নিহত হয়েছে। সরকারি এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীরা নাইজেরিয়ার বরনো রাজ্যের দামবোয়া শহরের সৈন্যদের ব্যারাক ও পুলিশ স্টেশনে হামলা চালায়।
এ বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জেনারেল ক্রসি ওলুকোলেড এক বিবৃতিতে জানান, শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলার সময় বেশির ভাগ সৈন্যই পার্শ্ববর্তী গ্রামে টহল দিচ্ছিলেন। এতে করে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এতে করে অন্তত ৫৩ জন হামলাকারী ও ছয় সৈন্য নিহত হয়। ছয় সেনা সদস্যের মধ্যে একজন ঊধ্বর্তন সেনা কর্মকর্তাও ছিলেন।
তিনি জানান, হামলার সময় সেনা সদস্যরা চারপাশ ঘিরে রাখে এবং তল্লাশি চালায়। পরে নিহত সৈন্যদের মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, হামলার সময় দামবোয়া শহরের অর্ধেকই পুড়ে গেছে এবং এ সময় লোকজন ভয়ে শহর ছেড়ে পালাতে থাকেন। সূত্র: রয়টার্স
ঢাকা, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





