নিউইয়র্কের দু’টি ভবনে গ্যাসের পাইপে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। এ ছাড়া, নিখোঁজ রয়েছে ১০ জন।  
নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট হারলেমের পার্ক অ্যাভিনিউ এলাকায় ওই দু’টি ভবনে বিস্ফোরণের পর পরই দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় দমকল বাহিনীর ১৫টি ইউনিটের অন্তত আড়াইশ’ কর্মী। গুরুতর আহত ১৩ জনকে হারলেম হাসপাতালে নেয়া হয়েছে। মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ২২ জন। এ ছাড়া, মেট্রোপলিটন হাসপাতালেও ভর্তি করা হয়েছে অন্তত ১৮ জনকে।
গ্যাস লাইনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বুধবার স্থানীয় সময় সোয়া ৯টার দিকে গ্যাস পাইপ লিক হওয়ার ঘটনায় পার্ক অ্যাভিনিউয়ের আবাসিক এলাকা থেকে একটি কল আসে। আর এর ১৫ মিনিট পরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউইয়র্কের ভারপ্রাপ্ত মেয়র বিল ডি ব্লাসিও। এ সময় তিনি সংবাদিকদের জানান, গ্যাসের পাইপ লিক হওয়ার ১৫ মিনিটের মধ্যেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে লোকজন হতাহত হয়।
মেয়র আরো জানান, ভয়াবহ ওই বিস্ফোরণে দু’টি ভবন ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের কিছু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]