শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশেপাশে গির্জা এবং হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা নিহতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গেছে।

রোববার (২১ এপ্রিল) সকাল থেকে দেশটির গির্জা ও বিলাসবহুল পাঁচতারকা হোটেলসহ বিভিন্ন স্থানে ৮টি বিস্ফোরণ ঘটেছে।

ইস্টার সানডেতে রোববার দেশটির ক্যাথলিক গির্জায় প্রার্থনাসভায় ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন শ্রীলংকার অল সিলন জামিয়াতুল ওলামা (এসিজেইউ) প্রধান রিজভী মুফতি।  

ভয়াবহ ওই হামলার পর রোববার তিনি শ্রীলংকার আর্চ বিশপ ম্যালকম কার্ডিনাল রঞ্জিতের সঙ্গে দেখা করে এই সমবেদনা জানান। এসময় কয়েকজন মুসলিম মন্ত্রী ও এমপি তার সঙ্গে ছিলেন।

রিজভী মুফতি বলেন, আমাদের খ্রিস্টান ভাইবোনদের ওপর নৃশংস ও ন্যক্কারজনক এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরাও তাদের দুঃখে সমব্যাথি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও এই কাজ করতে পারে না।

উল্লেখ্য, গতকাল (২১ এপ্রিল) শ্রীলংকায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক।

এই হামলার সঙ্গে জড়িত সবাই সবাই শ্রীলংকান নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

রোববার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভয়াবহ এই হামলার পরিপ্রেক্ষিতে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।  এছাড়া, আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা এবং দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। 

এমবি