তুরস্কের প্রেসিডেন্টের প্রাসাদে সোনায় মোড়ানো টয়লেট আছে বলে যে দাবি করা হচ্ছে তা খণ্ডনের জন্য বিরোধী দলীয় নেতাকে টয়লেট দেখার আমন্ত্রণ জানিয়েছেন রিসেপ তায়েপ এরদোগান।

তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা কেমাল কিলিকদারুগুলু অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট করদাতাদের অর্থ খরচ করে তার প্রাসাদে সোনায় মোড়ানো টয়লেট বানাচ্ছেন।

জবাবে প্রেসিডেন্ট এরদোগান বলেন, যদি এরকম কোনো টয়লেট তার প্রাসাদে বিরোধীরা খুঁজে বের করতে পারে, তিনি পদত্যাগ করবেন।

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, আমি তাদেরকে আমার টয়লেট ঘুরে দেখার আমন্ত্রণ জানাই।

এরদোগান এক দশকের বেশি সময় ধরে তুরস্কের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এর আগে তিনি তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ৬১ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে রাজধানী আঙ্কারার সংরক্ষিত একটি এলাকায় ‘হোয়াইট প্যালেস’ বা স্বেত প্রাসাদ নামের ১,১৫০ কক্ষবিশিষ্ট ওই প্রাসাদটি নির্মাণ করেন তিনি। তবে সম্প্রতি ওই প্রাসাদকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত।

২০১৪ সালের আগষ্টে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই প্রাসাদে উঠেন। আকারে তুরস্কের প্রেসিডেন্টের এই প্রাসাদ হোয়াইট হাউস কিংবা ক্রেমলিনের চেয়েও বড়। সূত্র : বিবিসি।

কেএইচ