নিজের হাতে সাজানো চিতায় আত্মাহুতি দিলেন ভারতের ৭০ বছরের এক বৃদ্ধ কৃষক। তাঁর আত্মাহুতির সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হয়েই বৃদ্ধ বয়সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তাঁর ৩৫ হাজার রুপি ঋণ ছিল বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আমলনাড় তালুকার সাবাগাভানা এলাকায়। আত্মাহুতি দেওয়া কৃষকের নাম নামদেব মাডা পাটিল। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে বিবাহিতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে মেয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন নামদেব। কিন্তু মেয়ের বাড়ি না গিয়ে চলে যান নিজেদের চাষের জমিতে। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ধরে কাঠ-পাতা জোগাড় করে চিতা তৈরি করেন। পরে সেই চিতায় আগুন জ্বালান তিনি। আগুন যখন ভয়াবহ আকার নেয় তখন জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন নামদেব।
এদিকে দীর্ঘক্ষণ ধরে মাঠে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা দেখে গ্রামের লোকজন ছুটে আসেন।
তারা দেখেন, জ্বলন্ত চিতায় এক বৃদ্ধ জ্বলছেন। এর পরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ও এলাকার মানুষ জ্বলন্ত চিতা থেকে যখন ওই বৃদ্ধকে নিচে নামায়, তখন তিনি মৃত ছিলেন।
আগুনে তাঁর সারা শরীর ঝলসে গেছে। দেখে চেনার উপায় ছিল না। পরে অবশ্য ঘটনাস্থল থেকে নামদেবের আধার কার্ড উদ্ধার করা হয়। এই আধার কার্ড দেখে পুলিশ নিশ্চিত হয়, আত্মাহুতি দেওয়া ব্যক্তি নামদেব। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফএফ





