ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও দুই দফা রকেট হামলা হয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়েছে।

ঘাঁটিটি রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট। তবে হামলায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষণে নিয়োজিত মার্কিন সেনারা।

এদিকে, গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট আঘাত হেনেছে ইরাকের একজন সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।

আনবার প্রদেশের এই বিমান ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে সফর করেছেন।

গতকালের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এই ব্যাপারে কোনো বিস্তারিত তথ্যও দেন নি ইরাকি সামরিক কর্মকর্তা।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনা ল্ডট্রাম্প অঘোষিতভাবে এই ঘাঁটি সফর করেছিলেন। এছাড়া, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে এই ঘাঁটি সফর করেন।

মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং ডে উদযাপনের নামে তিনি মূলত ঘাঁটি সফর করেন।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং গত মাসে ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটি এবং কূটনৈতিক মিশনে রকেট হামলার মতো ঘটনা ঘটেছে।

এমবি