ভূমধ্যসাগর থেকে ৭৩০ জন অবৈধ আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী। বুধবার সকালে ইটালির সিসিলি দ্বীপের দক্ষিণ থেকে দুটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
নৌকা দুটি উত্তর আফ্রিকা থেকে ইটালির দিকে যাচ্ছিল। দুটি নৌকাই অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ১২৪ জন মহিলা ও ২৯ জন শিশুও রয়েছে।
বসন্তকালীন (স্প্রিং) এ সময়ে ভূমধ্যসাগর শান্ত থাকায় আফ্রিকা থেকে অবৈধ অভিবাসনের হার বেড়ে গেছে। গত মাসের মাত্র শেষ চারদিনে চার হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইটালির নৌবাহিনী।
মঙ্গলবার রাত ও বুধবার সকালে অভিযান চালিয়ে ৭৩০ জনকে উদ্ধার করে নৌবাহিনী। তাদেরকে সিসিলির একটি ক্যাম্পে রাখা হয়েছে। ইটালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। উল্লেখ্য, আফ্রিকার অবৈধ অভিবাসীরা ইটালিকে ইউরোপে প্রবেশের দরজা হিসেবে ব্যবহার করে।
সাম্প্রতিক বছরে ইউরোপে অবৈধ অভিবাসনের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বছর ৪০ হাজারেরও বেশি লোক অবৈধভাবে ইউরোপে অভিবাসন করে। অভিবাসনের এই হার এর আগের বছরের চেয়ে তিনগুণ বেশি। বিশেষ করে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই হার আরো বেড়েছে। এ ছাড়া, হর্ন অব আফ্রিকার অশান্তি তো রয়েছেই।
অবৈধ অভিবাসনের এই সমস্যা দূর করার জন্য ইউরোপের অন্যান্য দেশগুলোকে একটি সমন্বিত নীতিমালা করার জন্য তাগিদ দিচ্ছে। কেননা, অভিবাসী হিসেবে আশ্রয়প্রার্থীদের দুই-তৃতীয়াংশকেই ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইরিত্রিয়ার ৩৬৬ জন অবৈধ অভিবাসী ভূমধ্যসাগরে ডুবে মারা যান। এর মাত্র এক সপ্তাহ পরই দুই শতাধিক অভিবাসী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অধিকাংশই ছিলেন সিরিয়ার। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ০২ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ  [/b]