ভিয়েতনামের উত্তরাঞ্চলে কারাওকে পানশালায় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়ে ছয় জন নিহত ও আরো ছয়জন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।
কোয়াঙ নিঞ্চ প্রদেশে রোববার রাতে কারাওকে পানশালায় বিদ্যুৎ চলে যাওয়ার পর এর মালিক জেনারেটর চালু করে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময়ে পানশালায় ১২ ব্যক্তি ছিল। সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এরা অতিমাত্রায় মদ্যপান করেছিল এবং রাতে পানশালাতেই থাকার পরিকল্পনা করেছিল।
ভিয়েতনামের কারাওকে পানশালাগুলো খুবই জনপ্রিয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে গ্রাম এলাকায় এসব পানাশালা প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মেনে তৈরি করা হয়না।
গত মে মাসে হ্যানয়ের এক কারাওকে পানশালায় বিদ্যুৎ ত্রুটির কারণে আগুন লেগে পাঁচ ব্যক্তি পুড়ে মারা গেছে।
ঢাকা, ০৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমএ





