নিজের বাড়ির সামনেই গুলিতে খুন হলেন ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের এক বিজেপি নেতা।
প্রাথামিক রিপোর্টে জানা গেছে, বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিল ভূপিন্দর সিং নামে ওই বিজেপি নেতা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বন্দুকধারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিরাপত্তার কারণে তাকে দু'জন দেহরক্ষী দেয়া হয়েছিল প্রশাসন থেকে। বুধবার খাগ থানায় তিনি তার নিরাপত্তারক্ষীদের ছেড়ে দেন। তারপর শ্রীনগরের আলুচিবাগে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যান।
বাদগাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। এনিয়ে পুলিশকে কিছুই জানাননি ভূপিন্দর। গ্রামে নিজের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বছর রাজনৈতিক নেতাদের একাধিকবার নিশানা করেছে বন্দুকধারীরা। গত ৬ অগাস্ট কাজিগুন্ডে সরপঞ্চ সাজ্জাদ আহমেদকে গুলি করে মারে তারা। গত জুলাই মাসে বিজেপি নেতা সেখ ওয়াসিম বারিকে তার বাবা ও ভাই-সহ বান্দিপোরায় খুন করে হামলাকারীরা। তথ্য সূত্র- জি নিউজ
এমবি





