যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার প্রাকৃতিক এই দুর্যোগে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে।

ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানোর সময় এক দমকলকর্মীর মৃত্যুর পর শনিবার নিরাপত্তাজনিত কারণে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েক মাইল মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগের প্রধান কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত থেকে ‘কয়েক হাজার’ বজ্রপাত আঘাত হেনেছে। এর ফলে বেশ কয়েকশ ছোট দাবানল সৃষ্টি হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় অন্তত ২৩টি বড় ধরনের দাবানল জ্বলছে, কিন্তু এগুলোর মধ্যে বেশ কয়েকটি রাজ্যটির উত্তরে অবস্থান করছে। রাজ্যটিতে ইতিহাসের স্মরণকালের খরা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে পরপর চার বছর ধরে চরম শুষ্ক আবহাওয়ার বিরাজমান রয়েছে।

ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগের মুখপাত্র ড্যানিয়েল বারল্যান্ট বলেন, হেলিকপ্টর ও এয়ার ট্যাঙ্কারের সাহায্যে প্রায় ৯ হাজার দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি উত্তরপশ্চিমাঞ্চলীয় সাক্রামেন্টোর লেক কাউন্টির রকি ফায়ারের বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন।

বারল্যান্ট তার টুইটারে সতর্ক করে দিয়ে জানান, রকি ফায়ারটি ২৫ হাজার ৭৫০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলটি উত্তরে হাইওয়ে ২০ এর দিকে অগ্রসর হচ্ছে। দাবানলটির ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাইওয়ে ২০-এর দুই দিকেই বন্ধ করে দেয়া হয়েছে।

দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, লেক কাউন্টির বেশ কয়েকটি বাড়িঘর ও ভবন দাবানলে ধ্বংস হয়েছে এবং আনুমানিক আরো ৬ হাজার অবকাঠামো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। এখানেই মেন্ডোসিনো ন্যাশনাল ফরেস্ট অবস্থিত।

জেডআই