মিসরের নর্থ সিনাই প্রদেশে ‘উগ্রবাদীদের’ বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলাকালে এক বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা ও পাঁচ সৈন্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সামরিক বাহিনী সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র তামের আল-রিফাই বলেন, ‘উগ্রবাদীদের একটি গোপন আস্তানায় অভিযান চালানোর সময় এক বিস্ফোরণে সেনাবাহিনীর একটি গাড়িতে থাকা এক কর্মকর্তা ও পাঁচ সৈন্য মারা যান।’

তিনি জানান, পৃথক এক অভিযানে তিন উগ্রবাদী নিহত হয়েছেন। তিনি আরো জানান, তারা সেখান থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।বিস্ফোরণে সেনাবাহিনীর আরো চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কবে এ ঘটনা ঘটে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে তিনি কিছু জানাননি।

এ পর্যন্ত উগ্রবাদীদের বিভিন্ন হামলায় কয়েক শ’ পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন।নর্থ সিনাই প্রদেশে তারা বিশেষভাবে সক্রিয় রয়েছে। সেখানে ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখার শক্তিশালী ঘাঁটি রয়েছে।

এমআর