সিনাগগে হামলার কারণে আবারও যুদ্ধ করবেন বলে শপথ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই যুদ্ধ আমাদের জেরুজালেম রক্ষার যুদ্ধ। তিনি এই যুদ্ধের নাম দেন 'ব্যাটল ফর জেরুজালেম'।

জেরুজালেমকে ইহুদিদের আদি বাসস্থান হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদেরকে আমাদের রাষ্ট্র ও রাজধানী থেকে উৎখাত করতে চায় তারা সফল হবে না।’

এ সময় তিনি ইসরায়েলি জনগণকে একত্রিত থাকার ও আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

এদিকে জেরুজালেমে এখনও ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার পাঁচ ইসরাইলি ও এক ফিলিস্তিনি নিহতের ঘটনার পর থেকে জেরুজালেমে উত্তেজনা অব্যাহত রয়েছে।

আল-রামের কাছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যকার এক সংঘর্ষে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছে। দক্ষিণ জেরুজালেমের সুর বাহের এলাকায় আহত হয়েছে অন্তত ২৫ ফিলিস্তিনি।

অধিকৃত পশ্চিম তীরের উরিফ গ্রামের একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইহুদিরা। ইহুদিদের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে আহত পাঁচ ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিম তীরের দক্ষিণে হেবরন এলাকায় রাজপথে ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালিয়েছে ইহুদিরা।

এর আগে পশ্চিম জেরুজালেমে ইহুদিদের এক উপাসনালয়ে দুই ফিলিস্তিনির হামলায় পাঁচ ইহুদি নিহত হয়। চার রাবি (ইহুদি ধর্মযাজক) ঘটনাস্থলেই গুলিতে নিহত হয়। অপর এক পুলিশ আহতাবস্থায় নিহত হয়।

একই দিন ইসরায়েলি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন। সূত্র্র:বিবিসি

ইআর