ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনিওভ বলেছেন, প্রায় ৯৩০ জন ফরাসি নাগরিক বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের সঙ্গে জড়িত। এদের মধ্য কেউ কেউ ইরাক ও সিরিয়ায় আইএসআইএলের পক্ষে সরাসরি যুদ্ধ করছে এবং কিছু সংখ্যক ফরাসি নাগরিক আইএসআইএলের সঙ্গে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ৬০ জন নারী রয়েছে।

ফরাসি সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রায় ২৩০ জন ফরাসি নাগরিক আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সংঘর্ষে এ পর্যন্ত ৩৬ ফরাসি নাগরিক নিহত হয়েছে। সন্দেহভাজন প্রায় ৭০ জন ফরাসি নাগরিক সরকারি বাধার কারণে ফ্রান্স ছাড়তে পারেনি বলেও ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

সম্প্রতি ফ্রান্স সন্দেহভাজন নাগরিকদের ভ্রমণে বাধা দেয়ার বিষয়ে একটি আইন পাস করেছে। এই আইনের আওতায় সরকার যে কারোর পাসপোর্ট সাময়িকভাবে বাজেয়াপ্ত এমনকি বাতিল করতে পারবে।

ইরাক ও সিরিয়ায় যুদ্ধে অংশগ্রহণ শেষে প্রায় ১০০ জন ফরাসি আইএসআইএল সন্ত্রাসী ফ্রান্সে গেছে বলেও জানিয়েছেন সেবাস্টিন পিট্রেসান্তা নামের এক ফরাসি এমপি। সূত্র: প্রেসটিভি

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই