ভারতের সর্বশেষ আদমশুমারির তথ্যে দেখা যাচ্ছে, প্রায় ১২ হাজার শিশুর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এদের অর্ধেকেরও বেশি কন্যাশিশু। যদিও আইন অনুযায়ী এদের বিয়ের বয়স হয়নি, তবুও জনগণনার তথ্যেই উঠে এসেছে সে দেশে বাল্যবিয়ে কতটা ব্যাপকহারে ঘটে থাকে।
নতুন যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সারা দেশে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন ১২ হাজার ১০৫টি শিশুকে পাওয়া গেছে যাদের বয়স ১০-১৪ বছর। আবার এদের মধ্যে রয়েছে ৬ হাজার ৫০০ কন্যাশিশু।
ভারতে আইন অনুযায়ী ১৮ বছরের আগে বিয়ে দেয়া নিষিদ্ধ। ২০১১ সালের সর্বশেষ যে আদমশুমারি হয়েছিল, সেখানে আরও জানা যাচ্ছে যে ৮ কোটি ৩০ লাখ কিশোরীর বিয়ে হয়েছে, যাদের বয়স এখনও ১৮ পার হয়নি।
বাল্যবিয়ে রোধে বিহার আর ঝাড়খন্ড রাজ্য দুটিতে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রেকথ্রু। সংগঠনটির ভারপ্রাপ্ত পরিচালক লীনা সুশান্ত বিবিসি বাংলাকে বলছিলেন, এমন অনেক কিশোরীই আমাদের কাছে এসে বলে, হঠাৎই তারা একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখেছে বাড়িতে কোনো উৎসবের আয়োজন হচ্ছে।
মা বা বড়দের কাউকে জিজ্ঞেস করে তারা জানতে পেরেছে যে সেদিন নাকি তার বিয়ে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের হিসাব অনুসারে, ভারতের সর্বশেষ জনগণনার পর থেকে ২০২০ সালের মধ্যে ১৪ কোটি কন্যাশিশু বা কিশোরীর বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যেসব কন্যাশিশু বা কিশোরীর ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে, তাদের মধ্যে ১৬ শতাংশ বিয়ের প্রথম বছরেই সন্তানসম্ভবা হয়ে পড়ছে। আর প্রায় সাড়ে ৯ লাখ কন্যাশিশু বা কিশোরী সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে।
এম এ





