নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের একটি বেসরকারি তালিকা প্রকাশ করা হয়েছে। নিহত ৫০ জনের ওই তালিকায় চার জন বাংলাদেশির নাম রয়েছে। তারা হলেন— ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল এবং ওমর ফারুক।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উপ- প্রধান তারেক আহমেদ রবিবার (১৭ মার্চ) গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এখনও জাকারিয়া ভুইয়া নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছি না। আমি এখন (রবিবার সকালে) মর্গের সামনে আছি, জাকারিয়া ভুইয়াকে চেনেন এমন একজনকে নিয়ে। আমি পুলিশকে অনুরোধ জানিয়েছি— জাকারিয়ার মরদেহ সেখানে আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তিকে যেন মর্গে ঢুকতে দেওয়া হয়। আশা করি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।’
তারেক আহমেদ আরও জানান, গুরুতর আহত লিপির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অন্যদিকে, আহত রুবেল ও মোতাচ্ছের ভালো আছেন। ‘নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। কেউ যদি লাশ দেশে নিয়ে যেতে চান, তারা সহায়তা দেবেন।’
তিনি জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন নিউ জিল্যান্ডের নাগরিক। মোজাম্মেল ও ওমর ফারুক বাংলাদেশি নাগরিক।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীরা সন্ত্রাসী হামলা চালায়। এতে এখনও পর্যন্ত নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে চার জন বাংলাদেশি। ওই ঘটনায় আহত হন ৫০ জনের বেশি।





