আমেরিকাকে ছেড়ে রাশিয়ার পথ ধরেছেন মিশরের সেনা প্রধান ও সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আবদেল ফাত্তাহ আল সিসি। রাশিয়ার সঙ্গে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের একটি অস্ত্র চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে এখন আলোচনা চলছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল আহরাম ও ডন অনলাইন।
এর আগে গত বুধবার রাশিয়া সফরে যান বহুল আলোচিত মিশরীয় সেনা প্রধান সিসি। গত বছরের ৩ জুলাই এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে সারা বিশ্বে আলোচনায় উঠে আসেন সিসি।
সামরিক অভ্যুত্থানের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার নিয়ন্ত্রাধীন অন্তর্বর্তী সরকারে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এর পরিপ্রেক্ষিতে মিশর তার বন্ধু হিসেবে রাশিয়াকে বেছে নেয়। রাশিয়া মিশরের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করতে রাজি হয়েছে। আর এই সরবরাহের বিষয়টি নিশ্চিত করতেই তিনি বুধবার মস্কো উড়ে যান। সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি।
বৃহস্পতিবার সিসি ও ফাহমি রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূলত অস্ত্র চুক্তির বিষয়টিই প্রাধান্য পেয়েছে। তবে, আঞ্চলিক নিরাপত্তা, সিরিয়া পরিস্থিতি ও ব্যবসা-বাণিজ্যের বিষয়গুলোও আলোচনায় ছিল বলে জানা গেছে।
এর আগে গত নভেম্বরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগো মিশর সফর করেন। সূত্র: ডন অনলাইন ও আল আহরাম।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]