লিবিয়ার বেনগাজি শহরে পদত্যাগী সেনা ও ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। মেডিক্যাল ও সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পদত্যাগী জেনারেল খলিফা হাফতারের অনুগত সেনা ও দেশটির ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেনা সদস্যসহ অন্তত ৩৬ জন নিহত হন।
বেনগাজির মেডিক্যাল সেন্টার বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ২১টি লাশ পেয়েছে। সংঘর্ষ ও বিচ্ছিন্ন গুলির ঘটনায় তারা নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অপর একটি সূত্র আল মার্জ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তারা অন্তত ১৫টি মৃতদেহ পেয়েছেন। তারা সবাই সামরিকবাহিনীলর সদস্য। মধ্য অক্টোবরে শুরু হওয়া এ যুদ্ধে এ পর্যন্ত ২৫৪ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, বেনগাজি হচ্ছে লিবিয়ার ২০১১ সালের গণঅভ্যুত্থানের জন্মস্থান। এখানেই প্রথম সাবেক স্বৈরশাসক মুয়াম্মায়ার গাদ্দাফির পতনের দাবিতে গণআন্দোলন শুরু হয়। ২০১২ সালে এখানেই এক মার্কিন দূতকে গুলি করে হত্যা করা জয়। তারপর থেকে শহরটিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সূত্র: সিনহুয়া।
কেএইচ





