চালকবিহীন এক্স-৩৭বি অরবিট টেস্ট ভেহিকেল রহস্যময় একটি মার্কিন বিমানের নাম। বিশ্বের সকল দেশের অগোচরে ২২ মাস কক্ষপথে কাটানোর পর অবতরণ করার প্রস্তুতি নিয়েছে বিমানটি। গোয়েন্দা বা সামরিক মিশন কোন কাজের জন্য পাঠানো হয়েছিল বিমানটি তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।
ছোট মহাকাশ খেয়াযানের মতো দেখতে বিমানটিকে ২০১২ সালের ১১ ডিসেম্বর ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল থেকে আকাশে উড়ানো হয়েছিল।
ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমান ঘাঁটি থেকে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ঘাঁটিটি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হবে।
গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে এ ঘাঁটির কমান্ডার বলেছিলেন, এক্স-৩৭বি অবতরণের জন্য ঘাঁটিতে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হবে। এ বিমানকে অরবিট টেস্ট ভেহিকেল বা ওটিভি-৩ হিসেবেও অভিহিত করা হয়।
কয়েকটি দেশের ওপর গোয়েন্দা তৎপরতার জন্য এক্স-৩৭বিকে কক্ষপথে পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কোন কোন দেশের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতার জন্য এটিকে পাঠানো হয়েছিল তা গোপন রাখা হয়েছে।
গোয়েন্দা উপগ্রহের মতোই তৎপরতা চালাতে পারে এক্স-৩৭বি। এ বিমানের জ্বালানি ট্যাংক আকারে অনেক বড় হওয়ায় অনায়াসে এটি কক্ষপথ পরিবর্তন করতে পারে এবং ভূমি থেকে এ বিমানকে শনাক্ত করা যায় না। আমেরিকার এ জাতীয় দু’টো বিমান আছে বলে মনে করা হয়। সূএ: রেডিও তেহরান
ইআর





