থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

দায়িত্বে অবহেলার অভিযোগে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে ২০১৫ সালের মার্চে ইংলাকের বিরুদ্ধে ওই মামলা হয়।

শুক্রবার ওই মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু ইংলাক এদিন আদালতে উপস্থিত হননি।অবশ্য ইংলাকের আইনজীবীরা বলেছেন, তিনি (ইংলাক) কানের সমস্যায় ভুগছেন। তাই আদালতে হাজির হতে পারেননি।

তবে ইংলাকের আইনজীবীরা আদালতে এ সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইংলাকের অসুস্থতার বিষয়টি আমলে নেননি।

আগামী ২৭ সেপ্টেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। দীর্ঘ-বিলম্বিত এই রায়কে কেন্দ্র করে দেশটিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ মে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করার কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। তিনি স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

এএইচ