যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের পরই ইরাক যুদ্ধের প্রতিবেদন জমা দেওয়া হবে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্যার জন চিলকোট।খবর বিবিসির।
খবরে বলা হয়েছে চিলকোট দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে এ বিষয়ে একটি চিঠি দেবেন। চিঠিটিতে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে না বলে নিশ্চিত করা হবে।দেশটিতে ৭ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
টনি ব্লেয়ারের শাসনামলে ২০০৩ সালে সাদ্দাম সরকারকে দমনের নামে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে অংশগ্রহণ ও ২০০৯ সাল পর্যন্ত সেখানে সেনা মোতায়েন রাখে যুক্তরাজ্য। যুদ্ধে সম্পৃক্ততার কারণ অনুসন্ধানে ২০০৯ সালে একটি কমিটি তাদের কাজ শুরু করে। সর্বশেষ ২০১১ সালে জনসমক্ষে এ বিষয়ে শুনানী অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনটি আগামী ফেব্রুয়ারির শেষে প্রকাশ করার কথা ছিল।
এদিকে প্রতিবেদনটি প্রকাশের সময় পিছিয়ে দেওয়ার সমালোচনা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ। তিনি এ ঘটনাকে ‘অচিন্তনীয়’ বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া দেশটির অন্য সংসদ সদস্যরা নির্বাচনের আগেই প্রতিবেদনটি প্রকাশের দাবি জানিয়েছেন।
ইআর