ব্রিটিশ সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে রবার্ট গিবসন বলেন, ‘মানবাধিকারের বিষয়ে ৬টি বিষয়কে অগ্রাধিকার দেয় যুক্তরাজ্য সরকার। এগুলো হলো- মত প্রকাশের স্বাধীনতা; নির্যাতন বন্ধ; মৃত্যুদণ্ড রহিত; ধর্ম পালনে স্বাধীনতা; নারী অধিকার এবং ব্যবসা-বাণিজ্যে স্বাধীনতা।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে (ডিক্যাব টক) তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে গিয়ে নিরীহ মানুষকে হত্যার সম্মুখীন হতে হয়েছে। আমি ব্লগার হত্যার তীব্র নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার।

এছাড়া ব্লগার হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসার দাবি জানিয়ে তাদের বিচারে কোনো ছাড় না দেয়ার পক্ষেও মত দেন রবার্ট গিবসন।

 

মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের সংবাদমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণতন্ত্র মানে শুধু ভোট নয়, ‘একেক দেশে গণতন্ত্রের একেক রকমের বিশ্লেষণ রয়েছে। প্রতিদিনই গণতন্ত্র চর্চা করতে হয়। বাংলাদেশের জনগণকে নির্ধারণ করতে হবে তারা কেমন গণতন্ত্র চান।’ এমন মন্তব্য করেছেন ঢাকায় ‍নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

এ সময় ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন পররাষ্ট্র নীতিকে উত্তম বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসা খুবই দুর্ভাগ্যজনক। তবে না এসে তারা কি অর্জন করছে এটা দেখার বিষয়।’

বাংলাদেশে ভালো ব্যবসার পরিবেশ রয়েছে উল্লেখ করলেও দেশের দুর্নীতি কমাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডি-ক্যাবের সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ। 

 

এমএ