ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হতে পারেন। সুইডেনভিত্তিক 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট' বা এসআইপিআরআই’র পরিচালক এ কথা বলেছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু চুক্তির পর এ মন্তব্য করেন এসআইপিআরআই’র নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র বিস্তাররোধ বিষয়ক পরিচালক তারিক রউফ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টানা ১৮ দিন আলোচনা শেষে ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে মঙ্গলবার পূর্ণাঙ্গ চুক্তি করতে সক্ষম হয়। এ চুক্তির ফলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বিনিময়ে ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে হবে। তবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখতে পারবে ইরান। এছাড়া, চুক্তি অনুসারে- পরমাণু শক্তিধর দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিও পাবে ইরান।
২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি পলিসির প্রধানের দায়িত্ব পালন করেছেন তারিক রউফ। সূত্র: আইআরআইবি।
জেডআই





