দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) সম্ভাব্য বিজয়ে দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মঙ্গলবার সকালে তিনি এ অভিনন্দন জানান। খবর এনডিটিভির।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাওয়া কেজরিওয়ালের উদ্দেশ্যে মোদি লেখেন, ‘কেজরিওয়ালের বিজয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত করছি, দিল্লির উন্নয়নে কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে।’

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে তার সঙ্গে শিগগিরই চা পানের কথা বলেছেন কেজরিওয়াল।

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। নির্বাচন কমিশন মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ করছে। ইতোমধ্যে প্রাথমিক গণনায় দেখা গেছে মোট ৭০টি আসনের মধ্যে ৬৪টিতেই এগিয়ে রয়েছে আম আদমি। অপরদিকে মোদির বিজেপি এগিয়ে রয়েছে ৫টিতে।

এএইচ