রাশিয়ার আগ্রাসনে সমর্থন করার কারণে বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (২ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিনস্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ইইউতে বেলারুশিয়ান পণ্য রফতানি বন্ধ করা। বিশেষ করে কাঠ, ইস্পাত এবং পটাসিয়াম সেক্টরও থাকছে এই নিষেধাজ্ঞায়।
এদিকে যুদ্ধের সপ্তম দিনেও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। একইসঙ্গে দেশটির খারসন শহর দখলের দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ৫ হাজার ৮৪০ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের।
এদিকে ইউক্রেনে পুতিনের এমন হামলার পর থেকে পশ্চিমা বিভিন্ন দেশ, বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নানা চাপ তৈরি করলেও ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছেন রুশ পুতিন। সূত্র: রয়টার্স
এমআর





