পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ৬২টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। এ দফায় ভোট হচ্ছে বর্ধমান (১৬), মুর্শিদাবাদ (২২), নদীয়া (১৭), কলকাতার (৭) আসনে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এদফায় মোট ভোটার ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার কিছু পরেই একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটতে থাকে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার ডোমকলের শিরোপাড়ায় বুথের সামনেই তৃণমূল ও সিপিআইএম-এর মধ্যে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ।

বোমার টুকরো গিয়ে লাগে সিপিআইএম এজেন্ট তৌহিদুল ইসলামের গায়ে। ঘটনাস্থলেই নিহত হয় তৌহিদুল। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল উঠেছে।

যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঘটনার পরই শিরোপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাশ ঘিরে রেখে বিক্ষোভ দেখায় নিহতের স্বজনরা ও গ্রামবাসীরা।

পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। সহিংসতার পরই জেলা প্রশাসনের কাছে বোমাবাজির ঘটনার বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

এছাড়াও ডোমকলের একাধিক জায়গায় বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই জেলারই হরিহরপুরে দুই কংগ্রেস কর্মীর মাথা ফাটার অভিযোগ উঠেছে।

কলকাতার বেলেঘাটায় বুথের বাইরে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যহত হয়।

এসএম