প্রধানমন্ত্রী নওয়াজ শরীফবিরোধী বিক্ষোভে সমর্থন দেয়া পাকিস্তান আওয়ামী তেহরিক পিএটি দলের নেতা ডা. তাহির-উল কাদরির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া তার দলের ৭১ জন কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে।
পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী আদালতের বিচারক ইত্তেফাক আব্বাসি গতকাল এ আদেশ দেন। আদেশে তাদেরকে আগামী ৫ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ডন অনলাইন তাদের এক প্রতিবেদনে আজ একথা জানিয়েছে। সূত্র দ্য হিন্দু অনলাইন।
কাদরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবারই প্রথম নয়। চলতি মাসের ২২ এবং ২৯ তারিখেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে ইসলামাবাদে চলমান নওয়াজবিরোধী অবস্থান কর্মসূচিতে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
ডা. কাদরি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ চেয়ে গত ১৫ আগস্ট থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, নওয়াজ ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডিড.কম, জেআই





