ভারতের পশ্চিমবঙ্গে এনসেফেলাইটিস রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। গত মাত্র কয়েকদিনে পশ্চিমবঙ্গে এই রোগে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। গত রাতেও মারা গেছেন ৬ জন। খবর জি নিউজ ও আল জাজিরার।

মশার মাধ্যমে রোগটির ভাইরাস ছড়ায়। ভারতে প্রতিবছরই শত শত মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আক্রান্তদের অধিকাংশই শিশু। তবে, পশ্চিমবঙ্গে এনফেলাইটিস কখনোই এমন ভয়াবহ আকার ধারণ করেনি। গত বছরও মাত্র ৫ জনের মৃত্যু হয়েছিল এই রোগে আক্রান্ত হয়ে। বর্ষাকালে মশার বিস্তার ঘটলে এই রোগের প্রকোপ বেড়ে যায়।

পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেই এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি অবশ্য জানিয়েছেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, যেসব এলাকায় জ্বরের প্রকোপ ছড়াবে , সেখানে বাড়ি বাড়ি ঘুরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা। খোলা হয়েছে ফিভার ক্লিনিক। কারও রক্তে এনসেফেলাইটিসের নমুনা মিললে সঙ্গে সঙ্গে ক্লিনিকে আনা হবে।

এনসেফেলাইটিসের মূল বাহক শূকরের টীকাকরণ করানো নিয়ে মাদুরাইয়ের একটি সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিকর্তা। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার জানিয়েছেন, চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ২৬ জন। সূত্র: জি নিউজ ও আল জাজিরা

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ