ঢাকা সফর সম্পর্কে ফেইসবুকে দেয়া এক স্ট্যাটাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, ঐতিহাসিক ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আজ ঢাকা যাচ্ছি। সাথে করে নিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষের জন্য পশ্চিমবঙ্গের শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সাথে থাকছেন সাংস্কৃতিক, ব্যবসায়ী ও মিডিয়া প্রতিনিধিরা।

তিনি লিখেছেন, মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা। আমরাও কলকাতায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করছি। এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ আমি উপস্থিত ছিলাম।

মমতা লিখেছেন, বাংলাদেশ সফরের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর সাথে আমার দেখা হবে।

আমরা শিল্প, পর্যটন, চিত্রকলা, সিনেমা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সুযোগ খুঁজব। এ সফর বাংলাদেশের মানুষের সাথে একত্মতা প্রকাশ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দুই জাতির ঐতিহাসিক বন্ধনকে সুদৃঢ় করার সুবর্ণ সুযোগ এনে দেবে।

জেএ