এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইসরায়েলের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছে, আর আক্রমণ শুরু করার তারিখটি চূড়ান্ত করা হয়েছে কয়েক সপ্তাহ আগে। এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই হামলা কয়েক দিন ধরে চালানোর পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

এই হামলার পরপরই পুরো ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় ইসরায়েলজুড়ে সাইরেনের আওয়াজ শোনা গেছে, সম্ভাব্য পাল্টা মিসাইল হামলা সম্পর্কে সতর্ক করার জন্য।

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৪

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ওই হামলায় প্রাণ হারানো শিক্ষার্থীর সংখ্যা এখন বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে প্রাথমিক প্রতিবেদনে একই হামলায় পাঁচজন নিহতের খবর জানানো হয়েছিল। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিহতেরা সবাই ওই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, পরিস্থিতিকে অবশ্যই 'রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে' ফিরিয়ে আনতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই 'দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের' একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। মস্কোর মতে, এ ধরনের সামরিক পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং সবার স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত।

'শত্রুর চূড়ান্ত পরাজয়' না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা ইরানের

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান আবারও নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ছোঁড়া এক ঝাঁক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, 'আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয়। তাই সাধারণ জনগণকে অবশ্যই 'হোম ফ্রন্ট কমান্ড'-এর দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।'

আইআরজিসি'র হুঁশিয়ারি

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, 'শত্রুপক্ষ চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।'

এবার কাঁপল তেল আবিব, ব্যাপক বিস্ফোরণের খবর

সৌদি আরবের রিয়াদের পর এবার ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

ইরানি হামলার পর নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে দুবাই

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশি-বিদেশি সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। যেকোনো ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে কার্যক্রম চালানো হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় সৌদি আরবের নিন্দা

আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এক সতর্কবার্তায় বলেছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের এই ধারাবাহিক লঙ্ঘনের ফলে "ভয়াবহ পরিণতি" হতে পারে।

ইরান সরকারকে দায়ী করল ইউক্রেন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান উত্তেজনার জন্য সরাসরি ইরান সরকারকে দায়ী করেছে। কিয়েভ জানিয়েছে, তারা সাধারণ ইরানি জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তারা ইরানে সরকার পরিবর্তনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ব্রিটেন

ব্রিটেন পুনরায় হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিশু নিহত

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর ইসরায়েলে বহুতল ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাত, আহত ১

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে উত্তর ইসরায়েলের একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের শার্পনেলের (টুকরো) আঘাতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত বলেছে, 'এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।'

ইউএই কর্তৃপক্ষ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, 'এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।'

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

একই সময়ে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের পরপরই দেশজুড়ে সতর্ক সাইরেন বাজানো শুরু হয়।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বাহরাইন সরকার নিশ্চিত করেছে, সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Video shows plumes of smoke rising after Iran targeted a United States military base in Bahrain, following Israel–US attacks across Iran. Two missiles were intercepted over Qatar and explosions were reportedly heard in Abu Dhabi, Kuwait and Saudi Arabia. pic.twitter.com/5jS08X8d64— Al Jazeera English (@AJEnglish) February 28, 2026

এর কিছুক্ষণ পরে, কাতারের রাজধানী দোহায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারকে লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী পক্ষের আগ্রাসনের জবাবে অধিকৃত অঞ্চলের দিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।'

এদিকে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করার সময় উত্তর ইসরায়েল বিস্ফোরণে কেঁপে ওঠে বলেও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা রুখে দেওয়ার কথা জানানোর পরপরই এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চলমান এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি সম্পদই এখন 'বৈধ লক্ষ্যবস্তু': ইরানি কর্মকর্তা

ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, তারা ইসরায়েলকে 'সামনে যা ঘটতে যাচ্ছে, তার জন্য প্রস্তুত হতে' বলছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান প্রকাশ্য জবাব দেবে এবং এক্ষেত্রে তাদের আর 'রেড লাইন' থাকবে না।

ওই কর্মকর্তা বলেন, 'মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ ও স্বার্থ এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর আর কোনো সীমা নেই এবং সবকিছুই সম্ভব। এমনকি এমন সব পরিস্থিতিও তৈরি হতে পারে যা আগে কখনো ভাবা হয়নি।'

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে যার সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে। তিনি বলেন, 'যৌথ আমেরিকান-ইসরায়েলি এই আগ্রাসনে আমরা বিস্মিত হইনি। আমাদের কাছে একটি জটিল জবাব প্রস্তুত রয়েছে যার কোনো সময়সীমা নেই।'

ওই কর্মকর্তা আরও যোগ করেন, ইরানকে সংযত থাকার বা আত্মসমর্পণের যেকোনো আহ্বান 'অগ্রহণযোগ্য এবং নিছক কল্পনাপ্রসূত মাত্র'।

ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হয়েছে। এর পরপরই দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বাজানো শুরু হয়।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী এই হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আক্রমণ চালিয়ে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করছে।'

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, 'প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় পুরোপুরি নিশ্ছিদ্র হয় না। তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি মেনে চলা অত্যন্ত জরুরি। সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।'

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের নাম 'রোরিং লায়ন'

ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের নতুন সামরিক অভিযানের নাম ঘোষণা করেছে 'রোরিং লায়ন'। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দিয়েছিল 'রাইজিং লায়ন' । সেই নামের ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন এই নামকরণ করা হয়েছে।

ইরানের পাল্টা আক্রমণ হবে অত্যন্ত 'বিধ্বংসী': ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তা

বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এই পাল্টা আক্রমণ হবে অত্যন্ত বিধ্বংসী।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

We warned you!

Now you have started down a path which end is no longer in your control.

— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) February 28, 2026

তিনি লিখেছেন, 'আমরা তোমাদের সতর্ক করেছিলাম!' আজিজি আরও লিখেছেন, 'এখন তোমরা এমন এক পথ চলা শুরু করেছ যার শেষ কোথায় হবে, তা আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।'

Tehran, #Iran pic.twitter.com/C1qZ1n933E— Shin (@hey_itsmyturn) February 28, 2026

তেহরানের বেশ কিছু এলাকায় মোবাইলফোন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ইন্টারনেটও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আল জাজিরার মাঠপর্যায়ের একজন সংবাদদাতার বরাত দিয়ে জানানো হয়েছে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলার পাল্টা জবাব দিতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সরকার দেশজুড়ে এই জরুরি অবস্থা জারি করেছে।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, আক্রমণের পর সারা দেশের আকাশসীমা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তেহরানে হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। ছবি: রয়টার্স

তেহরানের পাশাপাশি কেরমানশাহ, লরেস্তান, তাবরিজ, ইস্ফাহান, কারাজসহ বেশ কিছু শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এদিকে ইরান এ হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা।

একজন মুখপাত্র জানিয়েছে, তেহরানে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Tehran, #Iran pic.twitter.com/C1qZ1n933E— Shin (@hey_itsmyturn) February 28, 2026

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা করা হয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললার পর থেকেই অবশ্য এরকম হামলার আশঙ্কা করা হচ্ছিল।

তেহরানের আবেদ স্কয়ারে হামলা। ছবি: বিবিসি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় গতকাল বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এছাড়া ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় আসার কূটনৈতিক প্রচেষ্টার মাঝখানেই এ হামলা চালানো হলো। আগামী সপ্তাহেও ইরান-যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল।

এমএম