ইতালিতে ভূমিকম্পের পর তুষারধসে চাপা পড়া রিগোপিয়ানো নামের একটি হোটেলের ধ্বংসস্তূপে আটজনকে জীবিত পাওয়া গেছে। উদ্ধারকারীরা তাদের বরফের নিচে জীবিত খুঁজে পেলেও এখনো উদ্ধার করতে পারেননি।

ইতালি গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, জীবিত আটজনের মধ্যে দুটি শিশু রয়েছে।

ইতালির ফায়ার সার্ভিসের মুখপাত্র লুকা কারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আটজনকে জীবিত পাওয়া গেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের উদ্ধারের চেষ্টা করছি।’

রিগোপিয়ানো নামের ওই হোটেলে ৩০ জনের মতো মানুষ ছিল বলে জানা গেছে। উদ্ধারকারী দলের প্রধান অ্যান্তোনিও ক্রোসেটা বলেন, গত বুধবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন। দুর্যোগের সময় অন্তত ৩০ জন হোটেলে অবস্থান করছিলেন।

তুষারের কারণে যোগাযোগব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে। উদ্ধারকারীরা গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। তুষারচাপায় হোটেলের ছাদ ধসে পড়েছে।

বরফের নিচে সন্ধান পাওয়া জীবিত ওই আটজনকে উদ্ধারে হেলিকপ্টারসহ আধুনিক সরঞ্জাম চেয়েছেন উদ্ধারকর্মীরা। ইতিমধ্যে বরফধসে হোটেলটি বিধ্বস্ত হওয়ার ৫০ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।


স্থানীয় লোকজন বলেন, হোটেলটি তিনতলা। বুধবার সন্ধ্যায় কয়েক দফা ভূকম্পনের পর তুষারধস হয়। দুই মিটার তুষারে ঢেকে যায় হোটেলটি। এত দ্রুত ঘটনা ঘটেছে যে কেউ বের হতে পারেননি হোটেল থেকে।


মাহমুদ