পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেট লক্ষ্য করে সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।
দেশটির জনবহুল শহর করাচির ক্লিফটন এলাকার কাছে এ হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে একজন চীনা নিরাপত্তারক্ষীও আহত হন।
এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে সিন্ধু পুলিশ ও সেনাবাহিনীর গণমাধ্যম উইং জানিয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ডন।
নিহত দুই পুলিশ সদস্য হলেন—সহকারী পুলিশ পরিদর্শক আশরাফ দাউদ ও কনস্টেবল আমির।
রেড জোন হওয়ায় ক্লিফটন এলাকাটি আগে থেকেই সুরক্ষিত ছিল। গোলাগুলির খবর পাওয়ার পর সেখানে আরও পুলিশ ও সৈন্য পাঠানো হয়।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।
করাচি দক্ষিণের উপপুলিশ মহাপরিদর্শক জাভেদ আলম ওধোর বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো হামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
হামলায় চীনা এক নিরাপত্তারক্ষীও আহত বলে জানিয়েছেন জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের নির্বাহী পরিচালক ড. সিমিন জামালি।
বন্দুকধারীরা দুই পুলিশ সদস্যকে হত্যার পর চীনের কনস্যুলেট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল বলেও স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও টিভি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমাদ শেখ বলেন, কাছাকাছি এলাকায় গাড়ি পার্ক করে তিন বন্দুকধারী চীনা কনস্যুলেটের দিকে যেতে যেতে হামলা শুরু করে।
পরিস্থিতি আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে কনস্যুলেটের ফটক বন্ধ করে দেয়া হয় ও কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়।
সাংবাদিকদের আমির বলেন, কী ঘটেছে সে বিষয়ে আপনাদের আরও স্পষ্ট চিত্র পরের দিকে জানাতে পারব।
এমআর





