ভুটানের পার্লামেন্টের তীব্র বিরোধিতায় মোটরযান চুক্তি (বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন) থেকে সরে দাঁড়াল দেশটি। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে এই চুক্তি সম্পাদিত ছিল। খবর- দ্য হিন্দুর।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা দ্যা হিন্দুর ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভুটান সরকার জানিয়েছে যে তারা এ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত নয়।
ভুটান এরই মধ্যে ভারতকে জানিয়ে দিয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী শেরিং টবগে সরকার চুক্তিটি অনুমোদন করাতে পারেননি। কারণ পার্লামেন্টে এর তীব্র বিরোধিতা করা হয়েছে।
২০১৫ সালে ১৫ জুন এ চুক্তি সই হয়। এরপর গত বছরের নভেম্বরে বিবিআইএন-এমভিএ প্রকল্পটি অনুমোদনের জন্য ভুটানের পার্লামেন্টে তোলা হয়েছিল। কিন্তু ১৫টি সুনির্দিষ্ট আপত্তির কথা জানিয়ে তা প্রত্যাখ্যান করেন দেশটির আইনপ্রণেতারা।
ফলে আগামী বছর দেশটির সাধারণ নির্বাচন হওয়ার কারণে এ ধরনের চুক্তি পাস করাতে গিয়ে কোনো রাজনৈতিক ঝুঁকি নিয়ে চায় না ভুটান সরকার। দেশটির সরকারবিরোধী আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, পরিবেশ ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি হবে বিবিআইএন চুক্তি।
এমএনজে





