বাগদাদের মার্কিন দূতাবাসের নিরাপত্তায় আরও ২০০ মার্কিন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সোমবার অতিরিক্ত সেনা পাঠানোর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাছাড়া নজরদারির জন্য হেলিকপ্টার ও ড্রোনও পাঠাবে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, সুন্নী বিদ্রোহী সংগঠন দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) সদস্য ও ইরাকের সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের জের ধরে দেশটিতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা দিতে ইতোমধ্যে ২৭৫ জন মার্কিন সেনা পাঠানো হয়েছে। এ ছাড়া ইরাকি সেনাবাহিনীকে পরামর্শ দেওয়ার জন্য ৩০০ জন মার্কিন সামরিক বিশেষজ্ঞও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন করে এই সেনা পাঠানো হলে আইএসআইএলের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের জের ধরে ইরাকে মোতায়েন করা মার্কিন সেনার সংখ্যা হবে প্রায় ৮০০ জন।
প্রয়োজনে ইরাকে অবস্থান করা মার্কিন নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায়ও এই সেনারা কাজ করবে বলেও জানান ওবামা। এ ছাড়া যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে তারা।
পরবর্তী সময়ে যেন আর সেনা মোতায়েনের প্রয়োজন না হয়, এ কারণে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত ওই সেনারা ইরাকে মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন ওবামা। সূত্র : এএফপি
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





