পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে রওনা দেয়। জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছানোর পর বাসের পেছনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাসটি থামালেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেক যাত্রী বাস থেকে নামার আগেই আগুনে পুড়ে মারা যান।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জয়সলমের জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, জয়সলমে বাসে আগুনের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

এনএইচ