মার্কিন একটি হাইপারসনিক (অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, এটিকে 'হাইপারসনিক বিমান'ও বলা হয়, তবে আসলে তা বিমান নয়) যুদ্ধাস্ত্র আকাশে উড্ডয়নের মাত্র ৪ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। সোমবার আলাস্কা থেকে এটি উড্ডয়ন করানোর পর মুহূর্তেই বিধ্বস্ত হয়। পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

হাইপারসনিক এই যুদ্ধাস্ত্রটি একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ওই ক্ষেপণাস্ত্রটির মাত্রা এত ব্যাপক হবে যে তা বিশ্বের যেকোন প্রান্তে এক ঘণ্টার মধ্যে যেকোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

হাইপারসনিক অস্ত্রটি উৎক্ষেপণ কেন্দ্র 'কোডিয়েক লঞ্চ কমপ্লেক্স, আলাস্কা' র কাছেই বিধ্বস্ত হয়। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র মাউরিন স্কুম্যান। এ ছাড়া এতে উৎক্ষেপণ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

বিশ্লেষকদের ধারণা, ইরান ও উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের বিপরীতেই আমেরিকা এই হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। তবে, অনেক বিশ্লেষকের ধারণা, চীনকে পাল্লা দিতেই হাইপারসনিকের পরীক্ষা চালাতে চায় আমেরিকা। উল্লেখ্য, চীন চলতি বছরের জানুয়ারিতে হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। সূত্র: এনডিটিভি

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ