ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামাসের অবস্থানগুলোতে কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী।
গাজা উপত্যকা ও ইসরাইলের সীমান্ত বেড়া জুড়ে হামাসের তিনটি পর্যবেক্ষণ টাওয়ারে শুক্রবার (১৯ এপ্রিল) ইহুদিবাদী বাহিনী হামলা চালায়। তবে এইসব হামলায় কেউ হতাহত হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা থেকে সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে গাজা থেকে ছোঁড়া গুলিতে কোনো ইসরাইলি সেনা আহত হয়নি।

এদিকে গাজা-ইসরাইল সীমান্ত বেড়ার কাছে শুক্রবার (১৯ এপ্রিল) দিনভর ফিলিস্তিনি জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় ইসরাইলি সেনাদের ছোঁড়া টিয়ার শেল ও শটগানের গুলিতে ৪২ ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা।

২০১৮ সালের ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ইহুদিবাদী সেনারা গুলি করে অন্তত ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময়ে আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি।

২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল।
এমবি





