তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেছেন, তার দেশ সিরিয়া ইস্যুর সমাধান করবে যুদ্ধের ময়দানে।

আজ শনিবার ইস্তাম্বুলে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

দেশটির গণমাধ্যম ইয়েনিসাফাক বলছে, স্থানীয় নির্বাচনের ঠিক একদিন আগে এ কথা বললেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, ‘নির্বাচনের পর প্রথম কাজ হলো- আমরা নিশ্চিতভাবে সিরিয়া ইস্যুর সমাধান করব মাঠে, টেবিলে নয়।’

প্রসঙ্গত, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটা বড় অংশ সিরিয়ার মানবিজ শহরে অবস্থান করছে। আর মার্কিন সরকার তুর্কি গেরিলাদের একটি অংশকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।

কুর্দিদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তুরস্ক। এ জন্য আঙ্কারা এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আর সেই ঘোষণায় সমর্থন রয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ)।

কিন্তু পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও সিরিয়ায় কুর্দিদের সমর্থন দেওয়া নিয়ে আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা চলছে। মার্কিন হুমকি উপেক্ষা করেও মানবিজে অভিযান চালাচ্ছে তুরস্ক। 

এএস